ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম | কালবার্তা নিউজ সাদিক কায়েম

প্রকাশিত: শুক্রবার, ০১ মে ২০২৬ | কালবার্তা নিউজ ডেস্ক

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তার প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থিতা প্রায় চূড়ান্ত হলেও আগামী দুই-এক দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। যদিও এখনো বড় আকারে প্রকাশ্য প্রচারণা শুরু হয়নি, তবে নিয়মিত সাংগঠনিক যোগাযোগ ও দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ—উভয় সিটি করপোরেশনের জন্য দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা তরুণ নেতা সাদিক কায়েমকে ঘিরে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বড় ধরনের প্রত্যাশা করছে জামায়াত। দলীয় নেতৃত্ব মনে করছে, তার জনপ্রিয়তা নির্বাচনী লড়াইয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আনুষ্ঠানিক ঘোষণার পর সাদিক কায়েম পূর্ণমাত্রায় নির্বাচনী প্রচারণায় নামবেন বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

© ২০২৬ কালবার্তা নিউজ | সকল অধিকার সংরক্ষিত