ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত

ভোটের প্রচারে ফেসবুক ব্যয়
প্রতীকী ছবি

ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত

ডেস্ক রিপোর্ট | কালবার্তা নিউজ

সময়ের সঙ্গে পাল্টে গেছে নির্বাচনী প্রচারের ধরন। ব্যানার, পোস্টার ও মিছিলের পাশাপাশি এখন রাজনৈতিক দল ও প্রার্থীরা জোর দিচ্ছেন ডিজিটাল প্রচারে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হয়ে উঠেছে নির্বাচনী প্রচারের বড় মাধ্যম।

ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত বছরের ২৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত এক মাসে রাজনৈতিক বিজ্ঞাপনে ব্যয় হয়েছে ৫২ হাজার ৪১১ ডলারের বেশি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৪ লাখ টাকা।

এই সময়ে অন্তত ১০০ ডলারের বেশি বিজ্ঞাপন খরচ করেছে এমন ১১২টি ফেসবুক পেজের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ১০০ ডলারের কম ব্যয়ের তথ্য মেটা অ্যাড লাইব্রেরিতে দেখানো হয় না। ফলে প্রকৃত ব্যয় আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কার কত ব্যয়

ডিজিটাল প্রচারে ব্যয়ের দিক থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষে প্রচার চালানো অন্তত ৫০টি ফেসবুক পেজ থেকে এক মাসে ব্যয় করা হয়েছে মোট ৩০ হাজার ৯১৬ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ লাখ ৭১ হাজার টাকা।

আরও পড়ুন:
উত্তরায় বাবার সামনে মেয়েকে অপহরণ করা প্রধান আসামি গ্রেপ্তার

দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষে প্রচার চালানো অন্তত ৩৩টি ফেসবুক পেজ থেকে ব্যয় করা হয়েছে ১১ হাজার ২২২ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৬৯ হাজার টাকা।

জামায়াতের পক্ষে সর্বোচ্চ ব্যয় করা হয়েছে ‘জামায়াত ঢাকা-১৫, মিরপুর-কাফরুল’ পেজ থেকে। ওই পেজ থেকে ব্যয় হয়েছে ১ হাজার ৪৪৭ ডলার, যা প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা। এই আসনে দলটির আমির শফিকুর রহমান প্রার্থী।

বিশ্লেষকদের মতে, অনলাইনে রাজনৈতিক প্রচারের ব্যয় যদি স্বচ্ছভাবে নজরদারির আওতায় না আনা হয়, তাহলে নির্বাচনের সমতা ও ন্যায্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, ডিজিটাল প্রচারও প্রার্থীদের মোট নির্বাচনী ব্যয়ের হিসাবের অন্তর্ভুক্ত হবে।