রাশিয়ায় দেখা গেল ‘দুটি সূর্য’!
কালবার্তা নিউজ : রাশিয়ার সাকহালিন দ্বীপে সম্প্রতি এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সময়ে আকাশে একাধিক সূর্য ওঠার মতো দৃশ্য দেখা যায়, যা দেখে বিস্মিত হয়ে পড়েন অনেকে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দিও করেছেন অনেকেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, এই ঘটনাটি কোনো অলৌকিক বিষয় নয়। এটি একটি প্রাকৃতিক আলোক বিভ্রম, যার নাম ‘সান ডগ’।
বিশেষজ্ঞদের মতে, সান ডগ একটি বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ইফেক্ট। একে কখনও কখনও ‘মক সান’ বা ‘পারহেলিয়া’ বলা হয়। এ ক্ষেত্রে প্রকৃত সূর্যের বাম ও ডান পাশে উজ্জ্বল আলোর প্যাচ দেখা যায়, যা দূর থেকে একাধিক সূর্যের মতো মনে হয়।
পারহেলিয়া শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘সূর্যের সঙ্গে’। নামের অর্থের সঙ্গেই এই বিভ্রমের বৈশিষ্ট্য পুরোপুরি মিলে যায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
|
আরও পড়ুন:
|
তারা বলছেন, এটি আসলে একটি ভ্রম। ওই অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় বাতাসে বরফের সূক্ষ্ম স্ফটিক তৈরি হয়েছে। সূর্যের আলো যখন এসব বরফের স্ফটিকের সঙ্গে প্রতিফলিত ও প্রতিসরিত হয়, তখনই আকাশে একাধিক স্থানে সূর্যের মতো আলোর উপস্থিতি দেখা যায়। তবে বাস্তবে আকাশে সূর্য ছিল মাত্র একটি।
দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী, সান ডগ আলোক প্রভাবের একটি বৃহত্তর পরিবারের অন্তর্ভুক্ত। এই পরিবারের মধ্যে সূর্যের প্রভা ও চাঁদের প্রভাও রয়েছে, যা বায়ুমণ্ডলের উচ্চ স্তরে থাকা বরফের স্ফটিকের সঙ্গে সূর্য বা চাঁদের আলোর মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হয়।
আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন।