সৌদি আরবে অনুমতি ছাড়া বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সভা ও প্রচারণায় অংশ নেওয়ায় কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের আইন অনুযায়ী দেশটির ভেতরে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ বা প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আইনি জটিলতা, আটক কিংবা শাস্তির মুখোমুখি হতে পারে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, কিছু বাংলাদেশি অনুমতি ছাড়া নির্বাচনী সভা ও প্রচারণা আয়োজন বা অংশগ্রহণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয় এবং কয়েকজনকে আটক করে।
বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে অনুরোধ জানিয়েছে, সৌদি আরবের আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে এবং কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে। একই সঙ্গে বিভ্রান্তিকর আহ্বান বা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, প্রবাসীদের নিরাপত্তা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তাই কেউ আইন ভঙ্গ করলে দূতাবাসের পক্ষে হস্তক্ষেপ করা কঠিন হয়ে পড়ে।
আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন।