Monomoyi Media ডেস্ক :
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় দেশের দুটি শীর্ষ গণমাধ্যম—দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে Monomoyi Media-এর পক্ষ থেকে সরেজমিনে দেখা যায়, ঢাকার কারওয়ানবাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর চারতলা ভবনটি সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনের বিভিন্ন অংশ থেকে তখনও ধোঁয়া উঠতে দেখা যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছিল। জানা গেছে, ভবনটিতে প্রথম আলোর কয়েকটি বিভাগীয় কার্যালয় ছিল।
একই ঘটনায় দ্য ডেইলি স্টারের অফিসের নিচতলা ও দোতলা পুড়ে যায়। অফিসের ভেতরে ব্যাপক ভাঙচুরের চিহ্ন দেখা গেছে এবং আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার সকালে ডেইলি স্টারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কারওয়ানবাজারে অবস্থিত এই দুটি গণমাধ্যমের অফিসে একদল হামলাকারী ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসে থাকা একাধিক সংবাদকর্মী ভেতরে আটকা পড়েন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ক্রেনের সহায়তায় আটকে পড়া সংবাদকর্মীদের উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অফিসের ভেতরে ঢুকে লুটতরাজ চালায়।
এ সময় সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও হেনস্তার শিকার হতে হয়।
ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট এই সহিংসতায় দেশের গণমাধ্যমের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন মহল।
আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন।