ফরাসি প্রেসিডেন্টের বাসভবনে চুরি: প্রায় ৬০ লাখ টাকার রাজকীয় সামগ্রীসহ আটক ৩
ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসে প্রাসাদ থেকে বিপুল পরিমাণ রাজকীয় সামগ্রী চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। চুরি হওয়া সামগ্রীর বাজারমূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৬০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ফরাসি গণমাধ্যমের বরাতে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে একজন এলিসে প্রাসাদের কর্মচারী। তিনি দীর্ঘদিন ধরে প্রাসাদের ভেতরে ব্যবহৃত মূল্যবান টেবিলওয়্যার, চীনামাটির বাসন, রূপার সামগ্রী ও রাজকীয় শিল্পকর্ম গোপনে সরিয়ে নিচ্ছিলেন।
তদন্তে উঠে আসে, এসব সামগ্রী পরে কালোবাজারে বিক্রি করা হচ্ছিল। অভিযুক্ত কর্মচারীর সঙ্গে আরও দুজন সহযোগী এই চুরির কাজে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় শতাধিক মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে।
ফরাসি কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ঐতিহাসিক চীনামাটির বাসন, দামি গ্লাস, রূপার তৈজসপত্র এবং শিল্পমূল্যসম্পন্ন বিভিন্ন বস্তু রয়েছে। এগুলো আবার এলিসে প্রাসাদের সংগ্রহে ফেরত নেওয়া হয়েছে।
এই ঘটনায় ফ্রান্সজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আটক তিনজনের বিরুদ্ধে সরকারি সম্পত্তি চুরি ও পাচারের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কালবার্তা নিউজ
আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন।