নারায়ণগঞ্জে ফেরি দুর্ঘটনা: ধলেশ্বরীতে ডুবে যায় ৫ যানবাহন, উদ্ধার ৩ মরদেহ ।

নারায়ণগঞ্জে ফেরি দুর্ঘটনা: ধলেশ্বরীতে ডুবে যায় ৫ যানবাহন, উদ্ধার ৩ মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় পাঁচটি যানবাহন ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

রোববার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে একে একে মোট পাঁচটি যানবাহন ফেরি থেকে ধলেশ্বরী নদীতে ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয় ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মোটরসাইকেল চালক রফিক, ভ্যান চালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ।

এ ঘটনায় আরও কেউ নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের পাশাপাশি সম্ভাব্য নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে ফেরিঘাট এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করা হয়েছে।

মনোময়ী মিডিয়া