ইন্দোনেশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | কালবার্তা নিউজ
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে মধ্য জাভা প্রদেশের সেমারাং শহরের কাছে একটি টোল সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাকার্তা থেকে যোগ্যাকার্তা যাচ্ছিল বাসটি। পথে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নেন। পরে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ঘটনাস্থলেই মারা যান, বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তবে যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় সড়ক নিরাপত্তা ও যানবাহনের রক্ষণাবেক্ষণে ঘাটতির কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়।